বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়েছে। এর প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে এমন প্রত্যাশা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন দেখা গেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ জুলাই) আন্তর্জাতিক বাজারের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক স্পট বাজারে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৭ দশমিক ৪৯ ডলারে। একই সময়ে আগামী আগস্ট মাসে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন সোনার ফিউচার চুক্তির দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪ ডলারে নেমে এসেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্তাউনিভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের উচ্চমূল্য আগামী আগস্ট মাসে প্রকাশিতব্য মুদ্রাস্ফীতির তথ্যে বড় প্রভাব ফেলবে। এই পরিস্থিতি ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারকদের কঠোর মুদ্রানীতিতে অবিচল থাকতে উৎসাহ জোগাবে, যা মূলত সোনার বাজারের জন্য মোটেও সহায়ক নয়।
সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে বিশ্ববাজারে সোনার দামের ওপর তার নেতিবাচক প্রভাব পড়ে। কারণ সুদবিহীন এই সম্পদে বিনিয়োগের সুযোগ ব্যয় তখন তুলনামূলক বেড়ে যায়।
মঙ্গলবার (১৪ জুলাই) ফেডারেল রিজার্ভের চেয়ার কেভিন ওয়ার্শ আইনপ্রণেতাদের জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক কোনোভাবেই ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতি সহ্য করবে না। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৫৯ শতাংশ বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
এদিকে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও এর প্রভাব পড়েছে। রুপার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩১ ডলারে নেমেছে। তবে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া আগের সেশনে ৫ শতাংশ লাফানোর পর আজ প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৫ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও দেশের বাজারে এখনো এর প্রভাব পড়েনি। বর্তমানে ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।








