Logo

বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৬, ২০:৫৪
বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক (মেরিটাইম) খাতের উন্নয়নে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বুধবার (১৫ জুলাই) রাজধানীর বিনিয়োগ ভবনে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বিনিয়োগের অগ্রগতি, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।

এছাড়া বিডা, পিপিপিএ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ এবং বেসরকারি খাতকে উৎসাহিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের এই নীতিগত অবস্থান সৌদি আরবের অর্থনৈতিক রূপকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ বলেন, সৌদি আরব নিজেকে একটি বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশটির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বিনিয়োগে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তিনি জানান, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবসার পরিধি আরও সম্প্রসারণে তারা আগ্রহী। পাশাপাশি সৌদি আরবে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও স্বাগত জানানো হবে।

বিজ্ঞাপন

আলোচনায় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে সৌদি বিনিয়োগের সফল উদাহরণ হিসেবে ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ (আরএসজিটি)-এর কার্যক্রমের বিষয়টি তুলে ধরা হয়। উপমন্ত্রী জানান, এই টার্মিনালে কর্মরত জনবলের ৯৮ শতাংশেরও বেশি বাংলাদেশি। এই অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতের আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি আরও বিনিয়োগের সুযোগ খুঁজছে।

বৈঠক শেষে আশিক চৌধুরী বলেন, লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে সৌদি আরবের গভীর আগ্রহ রয়েছে, যা বাংলাদেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে আর্থিক সেবা খাতেও সৌদি বিনিয়োগকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনা ও সুবিধাগুলো তুলে ধরতে ইতোমধ্যে সৌদি আরবের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু হয়েছে, যাতে চলমান আলোচনা দ্রুত বাস্তবায়নের পর্যায়ে নেওয়া যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৈঠকে অংশ নেওয়া দুই দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, বর্তমান অর্থনৈতিক সহযোগিতার ইতিবাচক ধারাকে কাজে লাগিয়ে পারস্পরিক লাভজনক বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। এর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD