Logo

টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৬, ১৫:৪২
টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা
ছবি: সংগৃহীত

রাজধানীতে টানা বৃষ্টির প্রভাবে আবারও অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার। উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। অনেক সবজিই এখন কেজিপ্রতি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাঁচা মরিচের দামও দ্বিগুণের কাছাকাছি বেড়ে প্রতি কেজি ২৪০ টাকায় পৌঁছেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য নতুন করে চাপ তৈরি করেছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে অধিকাংশ সবজির দাম ঊর্ধ্বমুখী।

বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে প্রায় ১২০ টাকায়। করলা কিনতে গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। ঢ্যাঁড়স ও ঝিঙার দাম কেজিপ্রতি ১০০ টাকা, পটল ৮০ টাকা এবং চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসার দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

লাউয়ের দামেও প্রভাব পড়েছে। এক সপ্তাহ আগে যে লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন একই লাউ কিনতে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কাঁচা মরিচের দাম। কয়েক দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল প্রায় ১২০ টাকা। বর্তমানে সাধারণ মানের কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে গিয়ে অতিরিক্ত খরচের মুখে পড়ছেন ক্রেতারা।

তবে সব পণ্যের দাম একভাবে বাড়েনি। বাজারে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে প্রায় ৪০ টাকায়। অন্যদিকে গাজরের দাম রয়েছে কেজিপ্রতি ১৬০ টাকা এবং কাঁকরোল বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকার মধ্যে।

এছাড়া টমেটোর দামও বেড়ে কেজিতে ১২০ থেকে ১৪০ টাকায় পৌঁছেছে। মিষ্টি কুমড়ার প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের ভাষ্য, টানা বর্ষণের কারণে দেশের বিভিন্ন এলাকায় সবজির খেত থেকে সময়মতো ফসল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও জমিতে পানি জমে থাকায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম বেড়ে গেছে।

মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারের সবজি বিক্রেতা আবুল হোসেন জানান, ভারী বৃষ্টিতে অনেক কৃষিজমি পানির নিচে চলে গেছে। এতে উৎপাদন কমেছে এবং বাজারে পর্যাপ্ত সবজি আসছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দামের চাপ অব্যাহত থাকতে পারে বলে তিনি মনে করেন।

অন্যদিকে, রাজধানীর এক ক্রেতা বলেন, মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম অনেক বেড়ে গেছে। আগে ৬০ থেকে ৭০ টাকায় যেসব সবজি কেনা যেত, এখন সেগুলোর জন্য ১০০ টাকা বা তার বেশি খরচ করতে হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বিজ্ঞাপন

বাজার সংশ্লিষ্টদের আশা, বৃষ্টি কমে আবহাওয়া স্বাভাবিক হলে এবং বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহ বাড়তে শুরু করলে সবজির বাজারেও স্বস্তি ফিরতে পারে। তবে টানা বর্ষণ অব্যাহত থাকলে আগামী কয়েক দিন দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD