Logo

তিন দিনের ব্যবধানে আবারও বেড়েছে দেশের বাজারে সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই, ২০২৬, ১১:১৬
তিন দিনের ব্যবধানে আবারও বেড়েছে দেশের বাজারে সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার গহনার দাম বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। নতুন এ দাম সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার মূল্য বৃদ্ধির কারণে গহনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। একইভাবে ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৭৫০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির মূল্য ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে, গত ২৪ জুলাই বাজুস ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছিল। তবে অল্প সময়ের ব্যবধানে স্থানীয় বাজারে কাঁচা সোনার মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুধু সোনা নয়, রুপার গহনার দামেও নতুন সমন্বয় আনা হয়েছে। বাজুসের ঘোষণায় বলা হয়েছে, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫৯ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার প্রতি ভরির নতুন দাম ৪ হাজার ৫৪৯ টাকা, যা আগের তুলনায় ১৭৫ টাকা বেশি।

এছাড়া ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির মূল্য ১১৬ টাকা বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম একই পরিমাণ বেড়ে ২ হাজার ৯৭৪ টাকায় উন্নীত হয়েছে।

বাজুস জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্য অনুযায়ী সোনা ও রুপার গহনা বিক্রি শুরু হয়েছে। ফলে নতুন গহনা কিনতে আগ্রহী ক্রেতাদের এখন আগের তুলনায় বেশি মূল্য পরিশোধ করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD