Logo

বিদেশিদের জন্য নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ১৯:০৬
বিদেশিদের জন্য নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
ছবি: সংগৃহীত

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলেই কর্মসংস্থানভিত্তিক ভিসায় থাকা বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া যাবে। একই সঙ্গে প্রচলিত গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার লেটার জারি করা হয়। এতে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত কোনো বিদেশি নাগরিকের ব্যাংক হিসাব খোলার আগে তাঁর ওয়ার্ক পারমিটের মেয়াদ ও বৈধতা যাচাই করতে হবে। ওয়ার্ক পারমিট হালনাগাদ ও বৈধ থাকলে প্রচলিত কেওয়াইসি বিধি পরিপালন সাপেক্ষে হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা একটি পরিপত্রে বাংলাদেশে ‘এ৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করেছে।

‘এ৩’ ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নেওয়ার বিধান রয়েছে। নির্ধারিত মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট ওয়ার্ক পারমিট নবায়নও করতে হয়। অনেক ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের শর্তের মধ্যেই ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের বিষয়টি উল্লেখ থাকে।

বিজ্ঞাপন

এই বাস্তবতায় বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ না দেওয়ার বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা শুধু ‘এ৩’ ভিসাধারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশে অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসা নিয়ে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও একইভাবে ওয়ার্ক পারমিট যাচাই করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব বিদেশি নাগরিকের ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের প্রয়োজন থাকলে হিসাব খোলার আগে তাঁদের ওয়ার্ক পারমিটের বৈধতা ও হালনাগাদ অবস্থা নিশ্চিত করতে হবে। এরপর প্রচলিত কেওয়াইসি ও অন্যান্য প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে ব্যাংক হিসাব খোলার কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন নির্দেশনার ফলে বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সময় ব্যাংকগুলোকে মূলত কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট ব্যক্তির বাংলাদেশে কর্মরত থাকার বৈধতা থাকতে হবে। দ্বিতীয়ত, তাঁর ওয়ার্ক পারমিট বৈধ ও হালনাগাদ থাকতে হবে। তৃতীয়ত, হিসাব খোলার সময় প্রচলিত কেওয়াইসি বিধি যথাযথভাবে পরিপালন করতে হবে।

বিজ্ঞাপন

অর্থাৎ শুধু বৈধ ভিসা থাকলেই বিদেশি নাগরিকের ব্যাংক হিসাব খোলার বিষয়টি নিশ্চিত হবে না; তাঁর কর্মসংস্থানের বৈধতা এবং ওয়ার্ক পারমিটের বর্তমান অবস্থাও যাচাই করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এর মাধ্যমে বিদেশি নাগরিকদের ব্যাংকিং কার্যক্রমে কর্মসংস্থানের বৈধতা যাচাই এবং নিয়মিত গ্রাহক পরিচিতি যাচাইয়ের প্রক্রিয়া আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্কুলার লেটারে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এর পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলাম।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD