আবারও বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৬ হাজার

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।
বিজ্ঞাপন
শনিবার (২২ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নির্ধারিত দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট সোনার মূল্য ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। একই পরিমাণ ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। তবে অলংকার তৈরির ক্ষেত্রে নকশা ও মান অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে।
বিজ্ঞাপন
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। পাশাপাশি নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়ার পর অলংকারের এক্সচেঞ্জ ও পারচেজে বাজুসের প্রচলিত নিয়ম বহাল থাকবে।
এর মাত্র দুই দিন আগে, ২০ আগস্ট সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১০৬ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৪ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল। ওই বছর ৬৪ দফা দাম বাড়ার বিপরীতে ২৯ দফা কমানো হয়েছিল।








