Logo

আবারও বাড়ল সোনার দাম, বর্তমানে ভরিতে কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১১:২৮
আবারও বাড়ল সোনার দাম, বর্তমানে ভরিতে কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই সংশোধিত দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট সোনার মূল্য ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

বিজ্ঞাপন

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও মান অনুযায়ী নির্ধারিত মজুরি আলাদাভাবে যুক্ত হবে। বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়ার সুযোগ নেই।

এর আগে গত ১৫ আগস্ট সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা করা হয়েছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এবার আরও ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হলো।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১০৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৩ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগের বছর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল।

বিজ্ঞাপন

রুপার দামও বাড়ল

সোনার পাশাপাশি দেশের বাজারে বেড়েছে রুপার দামও। প্রতি ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা করা হয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৬৩ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল; এর মধ্যে ১০ বার বাড়ানো এবং ৩ বার কমানো হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD