বিডা-বেজা-পিপিপিএ একীভূত, চালু হলো ইনভেস্ট বাংলাদেশ

দেশি-বিদেশি বিনিয়োগে প্রশাসনিক জটিলতা কমানো এবং বিনিয়োগকারীদের দ্রুত ও সমন্বিত সেবা দিতে বাংলাদেশে কার্যকর হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’। নতুন এই আইনের আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করা হয়েছে।
বিজ্ঞাপন
২০২৬ সালের ১৬ জুলাই জাতীয় সংসদে আইনটি পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। পরে সরকারের বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ২০ আগস্ট থেকে সারা দেশে আইনটি কার্যকর করা হয়।
নতুন আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন, ২০১৫ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত হয়েছে বিডা, বেজা ও পিপিপিএ।
তিন প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম, সম্পদ, দায়-দেনা, বিদ্যমান চুক্তি, মামলা এবং কর্মকর্তা-কর্মচারীদের নতুন কাঠামোর অধীনে একীভূত করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রধান বিনিয়োগ সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ (আইবি) কার্যক্রম শুরু করেছে।
বিজ্ঞাপন
নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীদের বিভিন্ন সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে আলাদা আলাদা প্রতিষ্ঠানে ঘুরতে না দিয়ে একটি সমন্বিত কাঠামোর আওতায় সেবা নিশ্চিত করা। এতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত হওয়ার পাশাপাশি বিনিয়োগ সংক্রান্ত প্রশাসনিক জটিলতাও কমবে বলে আশা করা হচ্ছে।
আইন অনুযায়ী, কর্তৃপক্ষের সর্বোচ্চ পর্যায়ের গভর্নিং বোর্ডের সভাপতি থাকবেন প্রধানমন্ত্রী। বোর্ডে অর্থ, শিল্প, বাণিজ্য, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, ভূমি এবং আইন মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সদস্য হিসেবে থাকবেন।
এ ছাড়া বেসরকারি খাতের চারজন প্রতিনিধিকে বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে, যাদের মধ্যে দুজন নারী থাকবেন। অন্যদিকে, কর্তৃপক্ষের নিয়মিত প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন চেয়ারম্যান এবং সাতজন সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
নতুন কাঠামোর মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ, প্রকল্প বাস্তবায়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বে সমন্বয় বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরও সহজ ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।








