Logo

শিল্পখাতে গ্যাসের বিকল্প জ্বালানি ব্যবহারের পরিকল্পনা হচ্ছে

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২২ আগস্ট, ২০২৬, ১৭:৪৭
শিল্পখাতে গ্যাসের বিকল্প জ্বালানি ব্যবহারের পরিকল্পনা হচ্ছে
খন্দকার আব্দুল মুক্তাদির | ফাইল ছবি

শিল্প খাতের জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাসের পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবহারের একটি সমন্বিত রূপরেখা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে নতুন ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্য নিয়েছে, তা বাস্তবায়িত হলে শিল্প খাতে লোডশেডিংয়ের চাপ অনেকটাই কমবে। পাশাপাশি শিল্পাঞ্চলের প্লটগুলোতে গ্যাসের বিকল্প হিসেবে রাইস হাস্ক বা ধানের তুষ এবং কয়লা ব্যবহারের সম্ভাবনা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে।

শিল্প খাতের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি সমাধান প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব। স্টোরেজ সুবিধা যুক্ত করা গেলে দিনের সৌরবিদ্যুৎ সন্ধ্যার পিক আওয়ারেও ব্যবহার করে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে জাতীয় অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। সরকারের লক্ষ্য এ অবদান ৫০ শতাংশে উন্নীত করা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা ও দেশের জ্বালানি সংকট বিবেচনায় অতিরিক্ত জ্বালানি নির্ভর শিল্পের পরিবর্তে কম বিনিয়োগে পরিচালনাযোগ্য এবং পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেনসহ সংশ্লিষ্ট নেতারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD