Logo

চার দফায় বাড়ল রুপার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬, ১৮:১৮
চার দফায় বাড়ল রুপার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে রুপার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সর্বশেষ পাঁচ দফা মূল্য সমন্বয়ের মধ্যে চারবারই দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে টানা চার দফায় প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে মোট ৮৭৫ টাকা।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে রুপার নতুন দাম ঘোষণা করে বাজুস। এবার প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপা বা পিওর সিলভারের দাম বেড়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) রুপা বিক্রি হবে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের ধরন ও নকশা অনুযায়ী এর সঙ্গে মজুরি যোগ হবে।

বিজ্ঞাপন

বাজুস আরও জানিয়েছে, সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে বিক্রয়মূল্যের বাইরে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে ২০ আগস্ট রুপার দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩০৭ টাকা করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ৬৪ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৪ দফায় দাম বাড়ানো হয়েছে, আর ৩০ দফায় কমানো হয়েছে। এর বিপরীতে ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ দফা সমন্বয় করা হয়েছিল। সে বছর ১০ দফায় দাম বাড়লেও কমেছিল মাত্র তিন দফায়।

এদিকে দেশের বাজারে সোনার দামও এখনো বেশ চড়া। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

বিজ্ঞাপন

চলতি বছর সোনার দাম এখন পর্যন্ত ১০৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৪ দফায় দাম বেড়েছে, ৫১ দফায় কমেছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD