ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামে বিপাকে ক্রেতারা

বর্ষার মৌসুমে রাজধানীর বাজারগুলোতে ইলিশের সরবরাহ থাকলেও উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের জন্য জাতীয় এই মাছ কেনা কঠিন হয়ে পড়েছে। ছোট থেকে বড়—বিভিন্ন ওজনের ইলিশ পাওয়া গেলেও মান ও আকার অনুযায়ী কেজিপ্রতি দাম প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজার ঘুরে দেখা যায়, সেখানে কেজিপ্রতি ৬৫০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত দামে ইলিশ বিক্রি হচ্ছে। ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশের দাম ৬৫০ থেকে ৮০০ টাকা। ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকা কেজি দরে।
অন্যদিকে ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের কেজি প্রায় ১ হাজার ৭০০ টাকা। এক কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম উঠেছে প্রায় ২ হাজার ৮০০ টাকা।
বিক্রেতারা বলছেন, বাজার ও মাছের মান অনুযায়ী বড় আকারের ইলিশের দাম আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
উচ্চমূল্যের কারণে বাজারে এসেও অনেক ক্রেতাকে ইলিশ না কিনেই ফিরতে হচ্ছে। বউ বাজারের ক্রেতা গিয়াসউদ্দিন বলেন, ছোট ইলিশের দাম তুলনামূলক কম হলেও ভালো আকারের মাছ কিনতে গেলে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। মৌসুমে আগে ইলিশ কিনলেও এবার দাম বেশি হওয়ায় শুধু দেখেই ফিরে যেতে হচ্ছে বলে জানান তিনি।
মাছ বিক্রেতা সবুজের ভাষ্য, বাজারে ইলিশের সরবরাহ রয়েছে, কিন্তু বড় আকারের মাছের জোগান তুলনামূলক কম। মোকাম থেকেই বেশি দামে মাছ কিনতে হচ্ছে বলে খুচরা পর্যায়ে দাম কমানোর সুযোগ থাকছে না। তার মতে, ছোট ইলিশের দাম কিছুটা সহনীয় হলেও বড় মাছের চাহিদা বেশি। সরবরাহ বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।
রাজধানীর অন্যান্য বাজারেও একই ধরনের চিত্র দেখা গেছে। কারওয়ান বাজার, মেরুল বাড্ডা, বনশ্রী, রামপুরা, সেগুনবাগিচা ও মগবাজারে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৮৫০ থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
এ ছাড়া এক কেজি বা কাছাকাছি ওজনের ইলিশের দাম ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। আর এক থেকে দেড় কেজি ওজনের বড় ইলিশের দাম বাজারভেদে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার ১০০ টাকা পর্যন্ত উঠেছে।
ফলে মৌসুমে বাজারে ইলিশের উপস্থিতি থাকলেও দামের কারণে সাধারণ ভোক্তাদের বড় একটি অংশের কাছে মাছটি এখনো অধরা। সরবরাহ বাড়ার সঙ্গে দাম কমলে তবেই স্বস্তি ফিরতে পারে ক্রেতাদের মধ্যে।








