বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৩৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.৫ শতাংশ বেড়ে ৯৬.৫৫ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ার পাশাপাশি তেলের মজুতও কমতে শুরু করেছে। এ পরিস্থিতিতে চলতি ও আগামী বছরের তেলের সম্ভাব্য দাম নিয়ে পূর্বাভাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।
ইআইএর সংশোধিত পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৯১ ডলারে পৌঁছাতে পারে। আগের পূর্বাভাসের তুলনায় নতুন হিসাবটি প্রায় ৫ শতাংশ বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের গড় দাম ব্যারেলপ্রতি ৮৪.৬৫ ডলার হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
তবে ইআইএর এই পূর্বাভাস ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। এরপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ফলে সামনে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দামের গতিপথ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।








