Logo

বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বোচ্চ দামে উঠল সোনার দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৯
বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বোচ্চ দামে উঠল সোনার দাম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। জ্বালানি তেলের দরপতন এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক বাড়ায় মূল্যবান ধাতুটির দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে লেনদেনের সময় সোনার এই দরবৃদ্ধি দেখা যায়। বাংলাদেশ সময় বেলা ২টা ২৯ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৮ দশমিক ১৯ ডলারে দাঁড়ায়।

এদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। সেখানে প্রতি আউন্স সোনার দাম উঠে ৪ হাজার ৪১৮ দশমিক ২০ ডলারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাজারের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক আর্থিক সেবা প্রতিষ্ঠান বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ালেও এতে সোনার বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি।

তার মতে, সুদের হার বাড়ানোর ধারা দীর্ঘস্থায়ী হবে না—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশা রয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বাজারে তাৎক্ষণিক স্বস্তি তৈরি হয়েছে, যা সোনার দামের ওপরও প্রভাব ফেলেছে।

বিজ্ঞাপন

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা এবং অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে সুদনির্ভর ও অন্যান্য মুনাফাদায়ক সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে। ফলে তাত্ত্বিকভাবে সোনার চাহিদা কমার কথা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে সাম্প্রতিক সময়ে মার্কিন ফেডারেল রিজার্ভ ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ালেও মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে সোনার দিকে ঝুঁকতে উৎসাহিত করছে।

শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও শুক্রবার উল্লেখযোগ্য হারে বেড়েছে। একদিনে রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে।

এ ছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮১৩ দশমিক ৭০ ডলার হয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩২৪ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD