Logo

নতুন পে-স্কেলে সুসংবাদ পায়নি এমপিওভুক্ত শিক্ষকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০১
নতুন পে-স্কেলে সুসংবাদ পায়নি এমপিওভুক্ত শিক্ষকরা
ছবি: সংগৃহীত

নবম জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারি হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সেখানে কোনো পৃথক নির্দেশনা রাখা হয়নি। ফলে নতুন বেতন কাঠামোর সঙ্গে তাদের বেতন ও ভাতা কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর আওতায় সরকারি কর্মচারীদের বেতন চলতি বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের জুলাই থেকে নতুন কাঠামোর পূর্ণ বেতন কার্যকর হওয়ার কথা রয়েছে। একইভাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও পর্যায়ক্রমে বর্ধিত পেনশন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ৩১ আগস্ট নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। তবে ওই প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে কোনো বিধান উল্লেখ করা হয়নি।

এ কারণে সরকারি বেতনস্কেলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কীভাবে সামঞ্জস্য করা হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নতুন কাঠামোর সুবিধা তাদের ক্ষেত্রেও কার্যকর হবে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় প্রায় ৩ লাখ ৯৮ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন প্রায় ২ লাখের কাছাকাছি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে তাদের দাবির পরিপ্রেক্ষিতে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই ১৫ শতাংশ বাড়িভাড়া দুই ধাপে কার্যকর করা হয়েছে। প্রথম ধাপে সাড়ে ৭ শতাংশ, তবে ন্যূনতম ২ হাজার টাকা, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়। বাকি সাড়ে ৭ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও অন্যান্য ভাতা নতুন কাঠামোর সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় তাদের জন্য নতুন বেতনস্কেলের সুবিধা কার্যকরের বিষয়টি এখনো পরিষ্কার হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD