Logo

বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে কমেনি সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩৪
বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে কমেনি সোনার দাম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কয়েক দিনে সোনার দাম প্রতি ট্রয় আউন্সে ১০০ ডলারের বেশি কমেছে। তবে একই সময়ে বাংলাদেশের বাজারে সোনার দাম অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর দাম সমন্বয়ের পর নতুন করে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞাপন

গোল্ড প্রাইস ডট ওআরজির তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর বিশ্ববাজারে স্পট সোনার দাম ছিল প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৩৭৮ দশমিক ২৫ ডলার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে তা নেমে আসে ৪ হাজার ২৭২ দশমিক ৯৪ ডলারে। অর্থাৎ পাঁচ দিনে দাম কমেছে ১০৫ দশমিক ৩১ ডলার।

রয়টার্সের তথ্যেও বিশ্ববাজারে সোনার দর কমার চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪২ মিনিটে স্পট সোনার দাম ছিল প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ২৬১ দশমিক ৭৯ ডলার। একই সময়ে ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারসের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৯৬ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টা ১২ মিনিটে স্পট সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৯০ ডলার ১১ সেন্টে উঠেছিল। ওই সময় দিনের একপর্যায়ে ১১ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ দামে পৌঁছায় ধাতুটির বাজারদর। একই দিনে মার্কিন গোল্ড ফিউচার ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৪ ডলার ৯০ সেন্টে স্থির হয়।

বিশ্ববাজারের সর্বশেষ ৪ হাজার ২৭২ দশমিক ৯৪ ডলার দাম এবং প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করলে প্রতি ভরি সোনার মূল্য দাঁড়ায় আনুমানিক ১ লাখ ৯৭ হাজার ৪৮ টাকা। ১৯ সেপ্টেম্বরের তুলনায় প্রতি ট্রয় আউন্সে ১০৫ দশমিক ৩১ ডলার কমায় প্রতি ভরিতে আন্তর্জাতিক বাজারমূল্য কমেছে আনুমানিক ৪ হাজার ৮৬২ টাকা।

বিজ্ঞাপন

তবে আন্তর্জাতিক বাজারের এই পতনের সরাসরি প্রতিফলন এখনো বাংলাদেশের খুচরা বাজারে দেখা যায়নি। বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারিত রয়েছে।

বিশ্ববাজারের স্পট সোনার দাম এবং বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া গহনার দাম সরাসরি তুলনীয় নয়। আন্তর্জাতিক বাজারে প্রকাশিত দর মূলত নির্দিষ্ট মানের অপরিশোধিত সোনার বাজারমূল্যকে নির্দেশ করে। বিপরীতে দেশের বাজারে গহনার দামের সঙ্গে আমদানি ও সরবরাহ ব্যয়, স্থানীয় বাজার পরিস্থিতি, তৈরির মজুরি এবং করসহ বিভিন্ন খরচ যুক্ত থাকে।

এ কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দর কমলেই একই হারে দেশের গহনার দাম কমে যায় না। তবে বিশ্ববাজারের দীর্ঘমেয়াদি মূল্যপ্রবণতা বাংলাদেশের সোনার বাজারে দাম সমন্বয়ের ক্ষেত্রে প্রভাব ফেলে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD