Logo

শেয়ারবাজারে ফের দরপতন, ডিএসইতে কমেছে লেনদেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩০
শেয়ারবাজারে ফের দরপতন, ডিএসইতে কমেছে লেনদেন
ছবি: সংগৃহীত

এক কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে আবারও দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি প্রধান মূল্যসূচক ও লেনদেনের পরিমাণও কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে।

বিজ্ঞাপন

বুধবার টানা দুই কার্যদিবস পতনের পর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেনও বেড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। ফলে লেনদেনের প্রথম দিকে সূচকও ঊর্ধ্বমুখী ছিল।

তবে বেলা সাড়ে ১১টার পর বাজারের চিত্র বদলে যায়। ধীরে ধীরে দাম বাড়ার তালিকা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। দিনশেষ পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকায় ডিএসইতে মূল্যসূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৮৫টির দাম কমেছে এবং ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১১২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বৃহস্পতিবার বাজারটিতে মোট ৭৫৬ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনের দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ২৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা জিকিউ বলপেনের ২১ কোটি ২১ লাখ টাকার এবং তৃতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে এনভয় টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সেনা ইন্স্যুরেন্স এবং ডমিনেজ স্টিল বিল্ডিং।

অন্যদিকে সিএসইতে বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৭৪টির দাম কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

দাম বাড়ার প্রতিষ্ঠানের সংখ্যা বেশি থাকায় সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়েছে। তবে এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ কমে ১৬ কোটি ৭২ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে ২৪ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD