দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কত?

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে গুনতে হবে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সোনার নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম কমানো হলো। ফলে দুই দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা কমেছে।
এদিকে, সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯১ টাকা কমে ৪ হাজার ৩১৬ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ৩ হাজার ৭৩২ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা, যা আগের তুলনায় ২৩৪ টাকা কম।
বিজ্ঞাপন








