ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ফের অনিশ্চয়তায় পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের সাত দিনের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। এর প্রভাব পড়ে বৈশ্বিক তেলবাজারে।
বিজ্ঞাপন
সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৯৮ ডলার বা ৩ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৩০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ৩ দশমিক ৫২ ডলার বা ৩ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৯৩ ডলারে দাঁড়ায়।
ট্রাম্পের সিদ্ধান্তের পর বাজারে চাপ
বাজার বিশ্লেষকদের মতে, তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কমেছে। ফলে হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ও তেল সরবরাহ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানো এবং ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহারের মতো শর্ত পূরণ করলে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা যেতে পারে।
তবে ট্রাম্প ইরানের প্রস্তাবকে গ্রহণযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রস্তাবে মার্কিন অবরোধ প্রত্যাহার, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ থাকা অর্থ ছাড়সহ কয়েকটি শর্ত ছিল।
হরমুজ প্রণালিই বড় উদ্বেগ
বিজ্ঞাপন
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। ফলে সেখানে সংঘাত বা জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
সাম্প্রতিক সময়ে হরমুজ দিয়ে তেল প্রবাহ কিছুটা বাড়লেও যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং অঞ্চলটির অন্যান্য সামরিক উত্তেজনা বাজারের অনিশ্চয়তা ধরে রেখেছে। রয়টার্সও জানিয়েছে, হরমুজ দিয়ে তেল প্রবাহ বাড়ার খবরের পর দাম কিছুটা কমলেও সংঘাত ও সরবরাহঝুঁকি বাজারে প্রভাব ফেলছে।
এদিকে সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতে হুথিদের হামলার দাবির পরও তেলের দাম বেড়েছিল। ওই সময় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠেছিল।
বিজ্ঞাপন
সরবরাহ সংকটের আশঙ্কা
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত দীর্ঘায়িত হলে শুধু হরমুজ প্রণালির জাহাজ চলাচল নয়, মধ্যপ্রাচ্যের উৎপাদন ও রপ্তানি অবকাঠামোও ঝুঁকিতে পড়তে পারে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে।
তেলের দাম বাড়লে জ্বালানি, পরিবহন ও শিল্প উৎপাদনের ব্যয়ও বাড়তে পারে। এর প্রভাব শেষ পর্যন্ত বিভিন্ন দেশের মূল্যস্ফীতিতে পড়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
এখন তেলের বাজারের অন্যতম প্রধান নজর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কতটা স্বাভাবিক হয়, তার ওপর।








