Logo

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজারের চেহারা: অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ২২:১৭
এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজারের চেহারা: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত ও সম্প্রসারণে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, সামগ্রিক সংস্কার ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাজারকে শক্তিশালী করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার পুনরুজ্জীবনে সরকার সমন্বিতভাবে কাজ করছে। ইনশাআল্লাহ, আগামী এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের পরিবর্তিত চেহারা দেখতে পাবেন বিনিয়োগকারীরা।

তিনি জানান, পুঁজিবাজারকে শক্তিশালী করতে ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, অটোমেশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের পরও প্রত্যাশিত অগ্রগতি হয়নি। তাই এখন বাজারে বাস্তবভিত্তিক উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো কোনো অংশীজনের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রচলিত অর্থায়নের উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দেশের আর্থিক কাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে চায় সরকার। সরকারি অর্থব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অর্থায়ন কাঠামোতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, উচ্চ সুদে ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করতে হবে। বিশ্বমানের অর্থনীতির সঙ্গে তাল মেলাতে হলে দেশের আর্থিক ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা জরুরি।

বিজ্ঞাপন

দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে বন্ড মার্কেট, ডেরিভেটিভস, সিকিউরিটাইজেশন ও ইক্যুইটি মার্কেটের বিকাশে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তার মতে, প্রচলিত অর্থায়নব্যবস্থার বাইরে বিকল্প উৎস সম্প্রসারণের মাধ্যমে দেশের আর্থিক কাঠামো আরও শক্তিশালী করা সম্ভব।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রসঙ্গে তিনি বলেন, বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের সক্ষমতা বাড়াতে হবে।

আইএমএফের কর্মসূচি বাতিলের কথা জানিয়ে তিনি বলেন, সংস্থাটির দেওয়া শর্তগুলো সরকারের কাছে গ্রহণযোগ্য ছিল না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও সংস্কার উদ্যোগের বিষয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে অনুষ্ঠিত বৈঠকে প্রখ্যাত বৈশ্বিক বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক পদক্ষেপ ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক) তানভীর শাহরিয়ার গনি। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

তথ্য সূত্র : বাসস

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD