Logo

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৮:২২
দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় প্রতি লিটারে ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত ও খোলা—দুই ধরনের সয়াবিন তেলের দামই বাড়ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ টাকা। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।

এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের মূল্য পরিস্থিতি, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন ও বাজার পরিস্থিতি পর্যালোচনার পর উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর দেশে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের মূল্য বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম নির্ধারণ করা হয়নি। ফলে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ব্যবসায়ীদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।

আসন্ন রমজানে বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। এ সময় আন্তর্জাতিক বাজারদর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে মূল্য পুনর্নির্ধারণের দাবি জানান ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

অন্যদিকে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে পণ্য মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD