Logo

শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ, ২০২৬, ২০:৫৯
শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি কার্যক্রমে নতুন অগ্রগতির তথ্য জানিয়েছে শিক্ষা প্রশাসন। বদলির জন্য প্রস্তুত করা সফটওয়্যারের ডেমো প্রথমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) যাচাই করবে। এরপর চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) মাউশি সূত্রে জানা গেছে, সফটওয়্যারটির প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কর্তৃপক্ষ এতে সন্তোষ প্রকাশ করেছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে বৃহৎ পরিসরে তথ্য যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে শিক্ষকদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, তথ্য পাওয়ার পর সফটওয়্যারটি পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করে প্রদর্শনীর তারিখ নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা জানান, যেহেতু বিপুল সংখ্যক শিক্ষক বদলি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন, তাই তাদের তথ্য সঠিকভাবে সংযোজন ও যাচাই নিশ্চিত করতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। যাচাই প্রক্রিয়া শেষে সফটওয়্যারটির ডেমো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন মিললেই বদলি কার্যক্রম শুরু করার পথ উন্মুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে সরাসরি বদলির সুযোগ ছিল না। তারা কেবল প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুবিধা পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে আবেদন করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষকদের একাংশ আন্দোলনে নামলে বদলি চালুর বিষয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। বদলি কার্যক্রম পরিচালনার জন্য একটি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে নীতিমালার বিরুদ্ধে রিট আবেদন, সফটওয়্যার প্রস্তুতে বিলম্ব এবং পরবর্তীতে নীতিমালা সংশোধনের মতো বিভিন্ন কারণে কার্যক্রমটি এখনো শুরু হয়নি।

বিজ্ঞাপন

সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত না থাকায় বাস্তবায়ন অনিশ্চয়তায় পড়ে। সর্বশেষ অগ্রগতিতে সফটওয়্যার যাচাই ও ডেমো উপস্থাপনের উদ্যোগ নেওয়ায় শিক্ষক মহলে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সফটওয়্যারটি যদি সফলভাবে যাচাই পাস করে এবং মন্ত্রণালয়ের অনুমোদন পায়, তাহলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে। এতে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত বিপুলসংখ্যক শিক্ষক নির্ধারিত নীতিমালার আওতায় বদলির সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

এখন নজর রয়েছে—কবে মাউশিতে যাচাই শেষ হবে এবং কবে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মিলবে। শিক্ষকরা আশা করছেন, আর দেরি না করে দ্রুতই বদলি কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা আসবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD