এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদ বোনাস পাচ্ছেন। তবে নতুন সরকার এ হার আরও ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশে উন্নীত করার উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব চেয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কাছে চিঠি পাঠিয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, শিক্ষক-কর্মচারীদের বোনাস ৬০ শতাংশ করা হলে বাড়তি ২০০-২৫০ কোটি টাকা লাগতে পারে। মোট কত টাকা লাগবে, সেজন্য অধিদপ্তরগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, তারা চেষ্টা করছেন আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন শিক্ষক-কর্মচারীরা বাড়তি বোনাস পান। এজন্য দ্রুত অধিদপ্তরগুলোকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব আসার পরপরই তা অনুমোদনে কার্যক্রম শুরু করবেন তারা।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকেরা আগে মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। গত বছর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের ধারাবাহিক আন্দোলনের পর শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। বর্তমানে সেই হারের ওপর আরও ১০ শতাংশ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে।








