দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল, নতুন নির্দেশনা জারি

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুসারে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫–এর প্রবিধি ৬৪ অনুযায়ী দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বর্তমান অ্যাডহক কমিটি, এমনকি মেয়াদোত্তীর্ণ কমিটিও বাতিল বলে গণ্য হবে।
মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাই জারি করা নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা (এসআরও নং ৮৯-আইন/২০২৬) অনুযায়ী নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া ও শর্ত নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
নতুন নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা সুপারকে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তুত করতে হবে। এই প্যানেল স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রস্তাব আকারে পাঠানো হবে।
প্যানেলে শিক্ষানুরাগী ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে উপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে। পরে অন্যান্য সদস্যের মনোনয়নের প্রস্তাব সংযুক্ত করে তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে অনুমোদনের জন্য পাঠাতে হবে।
অন্যদিকে, সিটি করপোরেশন এলাকায় অবস্থিত দাখিল ও আলিম মাদরাসার ক্ষেত্রে আলাদা বিধান রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ইতোমধ্যে এ-সংক্রান্ত জরুরি নির্দেশনা দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা কমিটির সদস্য, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নতুন প্রবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে নতুন অ্যাডহক কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে। বোর্ডের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান পুরোনো কমিটির কার্যক্রম চালিয়ে যেতে পারবে না বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের মতে, নতুন এই উদ্যোগের মাধ্যমে মাদরাসাগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও বিধিমালা অনুযায়ী পরিচালিত হবে এবং পরিচালনা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।








