Logo

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ১৩:১৪
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত শূন্যপদের বিপরীতে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র পাঠানো হবে। এরপর তারা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। যোগদান শেষে জেলা ভিত্তিক পদায়ন সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে তাদের বাধ্যতামূলক পেশাগত প্রশিক্ষণের আওতায় আনা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি ভার্চ্যুয়াল সভায় সম্ভাব্য যোগদানের তারিখ হিসেবে ২৯ অক্টোবর নিয়ে আলোচনা হয়েছিল। ওই বৈঠকের পর গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, পুলিশ ভেরিফিকেশনসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের কারণে নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত প্রার্থীদের বিদ্যালয়ে পদায়নের উদ্যোগ নিচ্ছে।

বিজ্ঞাপন

পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তে যোগদানের তারিখ এগিয়ে এনে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়। ফলে পূর্বে আলোচিত সম্ভাব্য সময়সূচির পরিবর্তে নির্বাচিত শিক্ষকরা এক মাসেরও আগে দায়িত্ব গ্রহণের সুযোগ পাবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যোগদান সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে নির্বাচিত শিক্ষকদের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হবে। এরপর তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তবে নিয়োগ পরীক্ষার সব ধাপ শেষ হওয়ার পরও দীর্ঘ সময় যোগদান স্থগিত থাকায় নির্বাচিত প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গত এপ্রিল মাসে তারা দ্রুত নিয়োগ ও পদায়নের দাবিতে আন্দোলনও করেন। সে সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে যোগদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

সর্বশেষ ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন অপেক্ষায় থাকা নির্বাচিত সহকারী শিক্ষকরা আনুষ্ঠানিকভাবে যোগদানের একটি নির্দিষ্ট সময়সূচি পেলেন। এখন নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র বিতরণ, যোগদান, পদায়ন এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD