টেলিটকের জন্য আটকে আছে শিক্ষকদের বদলি, শোকজের চিন্তায় মাউশি

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি কার্যক্রম শুরু করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে সফটওয়্যার-সংক্রান্ত জটিলতা এবং নির্মাতা প্রতিষ্ঠান টেলিটকের সহযোগিতা না পাওয়ায় পুরো প্রক্রিয়া থমকে আছে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মাউশি।
বিজ্ঞাপন
মাউশি সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলি আবেদন চালু করতে প্রয়োজনীয় তথ্য যাচাই, পাসওয়ার্ড বিতরণ এবং সফটওয়্যার কার্যকর করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এখনো সম্পন্ন হয়নি। এসব বিষয়ে একাধিকবার টেলিটকের সঙ্গে যোগাযোগ ও তাগিদ দেওয়া হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অধিদপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সফটওয়্যার সংক্রান্ত চূড়ান্ত অনুমোদন ও কার্যক্রম শুরু করতে টেলিটকের সহযোগিতা অপরিহার্য। কিন্তু তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সাড়া না পাওয়ায় বদলি প্রক্রিয়া চালু করা যাচ্ছে না। পরিস্থিতির উন্নতি না হলে আগামী সপ্তাহের শুরুতেই টেলিটকের কাছে শোকজ নোটিশ পাঠানো হতে পারে।
বিজ্ঞাপন
তিন নির্ধারিত এলাকার বাইরে আবেদন করা যাবে না
মাউশি জানিয়েছে, নতুন বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকরা শুধুমাত্র তিনটি নির্ধারিত এলাকার মধ্যেই বদলির আবেদন করতে পারবেন। এগুলো হলো—নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল।
সফটওয়্যার এমনভাবে তৈরি করা হয়েছে যে, নির্ধারিত এই তিন এলাকার বাইরে কোনো প্রতিষ্ঠানে বদলির আবেদন করার চেষ্টা করলে আবেদন গ্রহণ করা হবে না। বরং আবেদনকারী ‘আবেদন যোগ্য নন’—এমন বার্তা দেখতে পাবেন।
বিজ্ঞাপন
এক কর্মকর্তা জানান, নীতিমালার বাইরে গিয়ে আবেদন করার কোনো সুযোগ রাখা হয়নি। ফলে নির্ধারিত এলাকার বাইরে বদলির আবেদন প্রযুক্তিগতভাবেই বাতিল হয়ে যাবে।
আবেদন শুরুর আগে দেওয়া হবে বিশেষ পাসওয়ার্ড
বদলি কার্যক্রমে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি এমপিওভুক্ত শিক্ষককে একটি করে পৃথক পাসওয়ার্ড দেওয়া হবে। এই পাসওয়ার্ড ব্যবহার করেই অনলাইনে বদলির আবেদন করা যাবে।
বিজ্ঞাপন
মাউশির তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য সফটওয়্যারে সংযুক্ত ও যাচাইয়ের কাজ শেষ হয়েছে। যেসব প্রতিষ্ঠান এখনো তথ্য দেয়নি, তাদের বাদ দিয়েই প্রাথমিকভাবে আবেদন গ্রহণের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে পাসওয়ার্ড বিতরণের দায়িত্বে থাকা টেলিটক এখনো সেই কাজ সম্পন্ন করতে পারেনি। ফলে আবেদন গ্রহণের পরবর্তী ধাপেও অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা
বিজ্ঞাপন
মাউশি জানিয়েছে, শিক্ষকদের পাসওয়ার্ড বিতরণ সম্পন্ন হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয়ের সম্মতি মিললেই অনলাইনে বদলি আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, সফটওয়্যার-সংক্রান্ত জটিলতা দ্রুত কাটিয়ে উঠতে পারলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই অনলাইনের মাধ্যমে বদলির আবেদন করার সুযোগ পাবেন। তবে টেলিটকের বিলম্ব অব্যাহত থাকলে পুরো প্রক্রিয়া আরও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।








