Logo

প্রস্তুত শিক্ষক বদলি সফটওয়্যার, উদ্বোধনের অপেক্ষায় কার্যক্রম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৮:৫৪
প্রস্তুত শিক্ষক বদলি সফটওয়্যার, উদ্বোধনের অপেক্ষায় কার্যক্রম
ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বহুল প্রতীক্ষিত বদলি সফটওয়্যার সম্পূর্ণ প্রস্তুত হলেও এখনই তা উন্মুক্ত করা হচ্ছে না। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আনুষ্ঠানিক উদ্বোধনের পরই এটি চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছিল, সফটওয়্যারটি ইতোমধ্যে লাইভ করা হয়েছে এবং চলতি সপ্তাহেই মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হতে পারে। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর তা শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর সফটওয়্যারটি আগাম উন্মুক্ত না করার নির্দেশনা দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফটওয়্যার চালু হওয়ার খবর প্রকাশের পর ঊর্ধ্বতন মহল থেকে চাপ আসে। ফলে এখন এটি শিক্ষামন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমেই চালু করা হবে।

বিজ্ঞাপন

সফটওয়্যার উন্মুক্তের সম্ভাব্য সময় সম্পর্কে তিনি বলেন, বুধবার মাউশির ভারপ্রাপ্ত মহাপরিচালক বিষয়টি শিক্ষামন্ত্রীকে অবহিত করবেন। এরপর মন্ত্রী চাইলে সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধন করা হতে পারে। অন্যথায় মৌখিক অনুমতির মাধ্যমেও এটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের বিষয়ে তিনি আরও জানান, সফটওয়্যার উদ্বোধনের পরপরই সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলোতে নির্দেশনা পাঠানো হবে।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগে সরাসরি বদলির সুযোগ ছিল না। তারা কেবল গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন প্রতিষ্ঠানে আবেদন করে স্থানান্তরের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারীরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে তা বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

পরে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয় এবং একটি নীতিমালা প্রণয়ন করা হয়। কিন্তু রিট মামলা, সফটওয়্যার প্রস্তুতে বিলম্ব এবং নীতিমালার সংশোধনসহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরেই এই কার্যক্রম শুরু করা যায়নি।

সর্বশেষ সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার প্রস্তুত না থাকায় কার্যক্রম শুরুর অনিশ্চয়তা তৈরি হয়। পরে সফটওয়্যারের ডেমো প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়। সব প্রস্তুতি সম্পন্ন হলেও এখন শিক্ষামন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় বদলি কার্যক্রম চালু আরও কিছুটা সময় পিছিয়ে যাচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD