Logo

এসএসসির প্রথম দিনেই পরিদর্শকসহ ৬ পরীক্ষার্থী বহিষ্কার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৮:৪৯
এসএসসির প্রথম দিনেই পরিদর্শকসহ ৬ পরীক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত

সারা দেশে কঠোর নিরাপত্তা ও সিসিটিভি পর্যবেক্ষণের মধ্যে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে প্রথম দিনেই নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ১১টি শিক্ষাবোর্ডে মোট ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে গাফিলতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রথম দিনের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়। এসব বোর্ডে মোট ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন শিক্ষার্থী। এ বোর্ডগুলোর মধ্যে নকলের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে—যাদের একজন ঢাকা বোর্ড এবং অপরজন দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৪১টি কেন্দ্রে মোট ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন। এই বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

বিজ্ঞাপন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৫৩টি কেন্দ্রে মোট ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন। এ বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কার না হলেও দায়িত্বে অবহেলার কারণে একজন পরিদর্শককে অপসারণ করা হয়েছে।

শিক্ষা বোর্ডের সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা শেষে আগামী ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD