Logo

রংপুরে এসএসসি-সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৭১

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
২১ এপ্রিল, ২০২৬, ১৫:৪৩
রংপুরে এসএসসি-সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৭১
ছবি: সংগৃহীত

রংপুরে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার ৮৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। তবে প্রথম দিনের পরীক্ষায় মোট ৫৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পরীক্ষা শুরুর পর সকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলীসহ প্রশাসনের কর্মকর্তারা সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনসহ সিসিটিভির মাধ্যমে পরীক্ষার পরিবেশ মনিটরিং করেন।

প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসনের তথ্যমতে, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এসএসসি পর্যায়ে ২২১ জন, দাখিলে ২৮৯ জন এবং এসএসসি ভোকেশনাল পর্যায়ে ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

বিজ্ঞাপন

এ বছর রংপুর জেলায় ৩২ হাজার ৪৮ জন এসএসসি, ৪ হাজার ৩৯৫ জন দাখিল ও ৩ হাজার ৫৭৬ জন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা পর্যায়ে ৫টি ভিজিলেন্স টিম ও মহানগরে ২০ জন ট্যাগ অফিসার পরীক্ষার সার্বক্ষণিক তদারকি করেছেন।

এ ছাড়া, পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন।

বিজ্ঞাপন

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, এসএসসি পরীক্ষা একটি দীর্ঘমেয়াদি ও গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরও জানান, এবছর কেন্দ্রগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা থাকায় পরীক্ষার পরিবেশ আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখা সম্ভব হয়েছে ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD