Logo

ছয় শর্তে সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৪:৪২
ছয় শর্তে সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন রাজধানীর নির্বাচিত শিক্ষার্থীরা। নির্ধারিত ছয় শর্ত পূরণ সাপেক্ষে মোট ১৫০ জন শিক্ষার্থী সংসদের দর্শনার্থী গ্যালারি থেকে অধিবেশন প্রত্যক্ষ করতে পারবেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে আরও ২৫ জন শিক্ষার্থী এই সুযোগ পাবে।

শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ দিতে দর্শনার্থী গ্যালারির শিশু গ্যালারিতে ৫০টি এবং শিউলী/শিমুল গ্যালারিতে ১০০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

তবে এই সুযোগ পেতে হলে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্ত মেনে চলতে হবে। জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮ এর ৩.১ (খ) অনুযায়ী, আগ্রহী প্রতিষ্ঠানকে নিজস্ব প্যাডে শিক্ষার্থীদের তালিকা সংযুক্ত করে কমপক্ষে সাত কার্যদিবস আগে আবেদন করতে হবে।

আবেদনপত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন ও স্টুডেন্ট আইডির অনুলিপি জমা দিতে হবে।

সংসদ ভবনে প্রবেশের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। একই সঙ্গে ভবনের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, ধারালো বস্তু কিংবা খাবার বহন করা যাবে না।

বিজ্ঞাপন

পোশাক-পরিচ্ছদ সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মার্জিত পোশাক পরিধান করতে হবে এবং প্রয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে পরিচয়পত্র দৃশ্যমান রাখতে হবে।

এছাড়া সংসদ ভবনের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। কোনো ধরনের উচ্চ শব্দ, বিশৃঙ্খলা বা অননুমোদিতভাবে ঘোরাফেরা করা নিষিদ্ধ থাকবে। দায়িত্বপ্রাপ্ত গাইড বা কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কারণ উল্লেখ ছাড়াই এই অনুমোদন বাতিল করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD