এসএসসি কেন্দ্র পরিদর্শন করে যা বললেন মাহদী আমিন

দেশজুড়ে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি জানান, দিনের শুরুতেই তিনি ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এর মধ্যে ছিল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়।
পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, কেন্দ্রগুলোতে শিক্ষকরা অত্যন্ত দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালন করছেন। পরীক্ষার্থীদের জন্য একটি শান্ত ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যেও পরীক্ষাকে ঘিরে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তারা পরীক্ষায় অংশ নিচ্ছে, যা সামগ্রিকভাবে একটি সুস্থ ও সুন্দর পরিবেশের প্রতিফলন।
পরীক্ষার ফলাফল নিয়ে অযথা চাপ না দিয়ে শিক্ষার্থীদের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, পরীক্ষার ফল যাই হোক না কেন, তাদের মূল্যায়ন করতে হবে মানবিক দৃষ্টিকোণ থেকে। কারণ এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হয়ে উঠবে।
বিজ্ঞাপন
তিনি অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান—পরীক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহ দেওয়া এবং মানসিকভাবে শক্ত রাখার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে।








