Logo

এসএসসির প্রথম দিনে দুই জেলায় ৫ কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৬:৫৯
এসএসসির প্রথম দিনে দুই জেলায় ৫ কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনেই বিভিন্ন কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হওয়া এই পরীক্ষার প্রথম দিনে তিনি দুই জেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

এসময় তিনি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। তিনি ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়াস্থ মডেল একাডেমি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় তিনি কেন্দ্রগুলোতে স্থাপিত কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভির মাধ্যমে পরীক্ষার হলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।

পরিদর্শন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন এলাকার কেন্দ্রগুলো সকাল সাড়ে ৮টার মধ্যে খুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী শিক্ষার্থীদের নির্ভয়ে ও আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। এছাড়া অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযথা ভিড় না করার অনুরোধ করেন। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD