অবশেষে শিক্ষকদের বদলি সফটওয়্যার চালু করল মাউশি

দীর্ঘদিনের প্রতীক্ষা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য বহুল প্রত্যাশিত বদলি সফটওয়্যার চালু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সফটওয়্যার লাইভ করা হয়, যা শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মাউশির উপপরিচালক (মাধ্যমিক) ইউনুছ ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সফটওয়্যার চালুর পরপরই মাঠপর্যায় থেকে শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু হবে এবং চলতি সপ্তাহেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির কোনো নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। তারা কেবল গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত এই সুযোগ থাকলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়, ফলে চতুর্থ গণবিজ্ঞপ্তির পর নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
এই পরিস্থিতিতে বদলি ব্যবস্থার দাবিতে শিক্ষকদের আন্দোলন শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে। পরে একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন বিলম্বিত হয়। বিশেষ করে আইনি জটিলতা, সফটওয়্যার প্রস্তুত না থাকা এবং নীতিমালার সংশোধনসহ নানা বাধা এ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে।
বিজ্ঞাপন
একপর্যায়ে সফটওয়্যারটির ডেমো প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয় এবং সেটি সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পরই তা চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সফটওয়্যার চালুর ফলে শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান অনিশ্চয়তা ও অসন্তোষও অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।








