Logo

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবার কতটি বিশ্ববিদ্যালয়, পরীক্ষা কবে?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, ১৯:৩৭
গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবার কতটি বিশ্ববিদ্যালয়, পরীক্ষা কবে?
ফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ঘিরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রস্তুতি শুরু করেছে। ইতোমধ্যে সাতটি বিশ্ববিদ্যালয় নিজেদের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। তবে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট উপাচার্যরা জানিয়েছেন, শিগগিরই বৈঠক করে গুচ্ছ পদ্ধতিতে এবার কোন কোন বিশ্ববিদ্যালয় থাকবে, ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় এবং কোন বিশ্ববিদ্যালয় সমন্বয়ের দায়িত্ব নেবে—এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান বলেন, ভর্তি কার্যক্রম নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকের আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, গুচ্ছ ভর্তি কমিটির পরবর্তী বৈঠকের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এবার কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব নেবে, সেটিও নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি কার্যক্রমের দায়িত্ব পালন করেছে। তার আগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ দায়িত্বে ছিল। এবারও একটি বিশ্ববিদ্যালয়কে এ দায়িত্ব দেওয়া হবে এবং বৈঠকে সেটি নির্ধারণ করা হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, এর আগে একটি বৈঠক হলেও সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সামনে আরও বৈঠক রয়েছে। সেখানেই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কীভাবে ও কখন হবে এবং কোন বিশ্ববিদ্যালয় দায়িত্ব নেবে, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

গত বছর গুচ্ছে ছিল ২০ বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে গুচ্ছ ভর্তি কমিটি গঠন করা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই পদ্ধতিতে মোট ২০টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। এসব প্রতিষ্ঠানে মোট আসন ছিল প্রায় সাড়ে ১৩ হাজার।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়

১. ইসলামী বিশ্ববিদ্যালয়, ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, ১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন

তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এই ২০টি বিশ্ববিদ্যালয়ের সবগুলো গুচ্ছ পদ্ধতিতে থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার তারিখ ও দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের নামও তখন নির্ধারিত হওয়ার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD