Logo

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই কিনতে ৭৩৯ কোটি টাকা অনুমোদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩৫
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই কিনতে ৭৩৯ কোটি টাকা অনুমোদন
ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে মোট ৭৩৯ কোটি ১৩ লাখ ২৩ হাজার ১৩৯ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে অষ্টম শ্রেণির বইয়ের জন্য বরাদ্দ ২৪৪ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৭৫৯ টাকা। আর নবম শ্রেণির পাঠ্যবইয়ের পেছনে ব্যয় হবে ৪৯৪ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৩৮০ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে ২০২৭ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির মাধ্যমিকের বাংলা ও ইংরেজি সংস্করণ, দাখিল এবং কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

এ জন্য ১০০টি দরপত্রের মাধ্যমে মোট ৩ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৫১৫টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। উন্মুক্ত দরপত্র আহ্বানের পর ১৫৪টি দরপ্রস্তাব জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১৩৪টি প্রস্তাব গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ১০০টি লটের মধ্যে ৯৮টির জন্য গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এর আওতায় ৩ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৩৮৩টি পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ২৪৪ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৭৫৯ টাকা। এতে কাগজ, মুদ্রণ, বাঁধাই ও সরবরাহসহ প্রতিটি বইয়ের গড় ব্যয় পড়বে ৬৩ টাকা ১৭ পয়সা।

বিজ্ঞাপন

এই ক্রয় প্রস্তাবে ৯২টি লটে প্রথম সর্বনিম্ন দরদাতা এবং ছয়টি লটে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার সুপারিশ করা হয়েছে। অন্য দুটি লটের জন্য পুনরায় দরপত্র আহ্বানের সুপারিশ করা হয়েছে।

একই বৈঠকে ২০২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির মাধ্যমিকের বাংলা ও ইংরেজি সংস্করণ, দাখিল এবং কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

এই প্রস্তাবের আওতায় ২১৫টি দরপত্রের মাধ্যমে ৫ কোটি ২০ লাখ ৫০ হাজার ৪৪৬ কপি বই মুদ্রণের জন্য ১৩০টি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ কাজে মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৪ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৩৮০ টাকা।

বিজ্ঞাপন

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্যে এসব বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ করা হবে।

অষ্টম ও নবম শ্রেণির পাশাপাশি মাধ্যমিকের বাংলা ও ইংরেজি সংস্করণ, দাখিল এবং কারিগরি স্তরের শিক্ষার্থীদের জন্যও এসব বই বিনামূল্যে সরবরাহ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD