এমপিও শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন পে-স্কেল কার্যকর হলে তারাও সংশ্লিষ্ট কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। সেখানে তিনি লিখেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’
এর আগে সোমবার বিকেলে সরকার ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন করে। মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তখন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ সচিবের ওই বক্তব্যের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রায় সোয়া ছয় লাখ শিক্ষক-কর্মচারীর প্রতিনিধিত্বকারী এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট নতুন পে-স্কেলে তাদের অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারির দাবি জানায়।
জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক বিবৃতিতে বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে জাতীয় বেতন স্কেলের ভিত্তিতে বেতন-ভাতা পেয়ে আসছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির পর একইভাবে এমপিওভুক্তদের অন্তর্ভুক্ত করে পৃথক প্রজ্ঞাপন জারির প্রত্যাশাও জানান তিনি।
বিজ্ঞাপন
সরকারি তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সোয়া ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এমপিও ব্যবস্থায় সরকার শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের বড় অংশসহ নির্দিষ্ট কিছু ভাতা প্রদান করে। এতদিন বাড়িভাড়া হিসেবে মাসে ১ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা হিসেবে ৫০০ টাকা দেওয়া হতো। তবে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বাড়িভাড়া ভাতা দুই ধাপে কার্যকর করা হয়েছে। এর প্রথম সাড়ে ৭ শতাংশ, ন্যূনতম ২ হাজার টাকা, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়। অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
শিক্ষামন্ত্রীর সর্বশেষ ঘোষণায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত দূর হলো।






