Logo

এনটিআরসিএতেই থাকছে শিক্ষক নিয়োগ, বদলাচ্ছে নিবন্ধন পরীক্ষা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১০
এনটিআরসিএতেই থাকছে শিক্ষক নিয়োগ, বদলাচ্ছে নিবন্ধন পরীক্ষা
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করার দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় পরিবর্তন এনে তিন ধাপের পরীক্ষা পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এনটিআরসিএর শিক্ষক নিয়োগের সংশোধিত অনুসরণীয় পদ্ধতি ও নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সভায় এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিলিমিনারির পর যুক্ত হচ্ছে লিখিত

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন কাঠামোয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিন ধাপে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ধাপগুলো হলো—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা।

বিজ্ঞাপন

বর্তমান ব্যবস্থায় প্রিলিমিনারি পরীক্ষার পর সরাসরি মৌখিক পরীক্ষার সুযোগ থাকলেও নতুন পদ্ধতিতে মাঝখানে লিখিত পরীক্ষা যুক্ত হবে। ফলে প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় যাওয়ার সুযোগ পাবেন।

পরীক্ষার ধরণ পরিবর্তনের পাশাপাশি নিবন্ধন পরীক্ষার সিলেবাসেও সংশোধন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কাঠামোর আলোকে সংশোধিত সিলেবাস ও শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতির প্রস্তাব অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এনটিআরসিএর মাধ্যমেই নিয়োগের সুপারিশ

বিজ্ঞাপন

শিক্ষক নিয়োগের সুপারিশ এনটিআরসিএর বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় করার যে উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছিল, সেখান থেকেও সরে এসেছে সরকার। আগের বিতর্কিত রেজুলেশন বাতিল করে এনটিআরসিএর মাধ্যমেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করার ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অর্থাৎ, নতুন কাঠামো কার্যকর হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন থেকে শুরু করে সফল প্রার্থীদের নিয়োগের সুপারিশ করার প্রক্রিয়ায় এনটিআরসিএর ভূমিকা বহাল থাকবে।

তবে সিদ্ধান্তগুলো এখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। সংশোধিত সিলেবাস ও নিয়োগ পদ্ধতির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। এরপরই নতুন তিন ধাপের পরীক্ষা পদ্ধতিতে শিক্ষক নিবন্ধন এবং সংশোধিত কাঠামোয় নিয়োগের সুপারিশ কার্যক্রম শুরু হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD