Logo

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৬, ১৯:০২
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে মন্ত্রণালয়ের সম্মতির পর।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সম্মতি দিলে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই এবং শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় এ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এ বোর্ডের ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেয়। রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন এবং কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থী ছিল।

এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বিজ্ঞাপন

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD