শুধু ডিগ্রি নয়, কর্মক্ষেত্রে সফল হতে চাই প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ

শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা সনদ অর্জন করলেই কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে তরুণদের বাস্তবমুখী শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।
ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বায়নের এই সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইংরেজিতে যোগাযোগ, প্রযুক্তি ব্যবহারের জ্ঞান এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন জরুরি।
দেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখার সীমাবদ্ধতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষা ও চর্চায় এখনও বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে শ্রেণিকক্ষে ভাষার ব্যবহারিক প্রয়োগ এবং যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের কার্যকর দিকনির্দেশনা দিতে শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা উন্নয়নের প্রয়োজন রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্তর্জাতিক গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পেশাগত তথ্যের বড় অংশ ইংরেজিতে প্রকাশিত হয় উল্লেখ করে তিনি বলেন, ভাষাগত দুর্বলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারেন না। তবে ইংরেজি শেখার পাশাপাশি মাতৃভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করার ওপরও গুরুত্ব দিতে হবে।
তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠবে। এ জন্য তরুণদের সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয়ের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার পথ তৈরি করা জরুরি।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপরও জোর দেন। তাঁর মতে, তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।
বিজ্ঞাপন
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।








