২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের ঘোষণা দেওয়া হলেও নির্ধারিত দিনে ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছে শিক্ষা বোর্ডগুলো।
বিজ্ঞাপন
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দেশে না থাকাকালে ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি বোর্ডগুলো। এ কারণে নির্ধারিত দিনে ফল প্রকাশ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল কখন ও কীভাবে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীরা কীভাবে ফল জানতে পারবেন, তা সোমবার (২৬ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছিল। তবে সোমবার নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় শিক্ষা বোর্ড
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী জাপান সফরে রয়েছেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার পর ফল প্রকাশ করা হবে, নাকি তার আগেই প্রকাশ করা হবে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। এ কারণে ফল প্রকাশের বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
ফল প্রকাশের তারিখ পেছানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হবে, সেটিই বাস্তবায়ন করা হবে। এ মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।
কেন তৈরি হয়েছে সংশয়
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকাকালে ফল প্রকাশের বিষয়টি নিয়ে সংশয় রয়েছে। যদিও ফল প্রকাশের ঘোষণার সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি সংশ্লিষ্টতা নেই, তারপরও বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে বিবেচনা করছেন শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, প্রচলিত রীতি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন। কিন্তু সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে দেশে ফিরবেন। ফলে ওই দিন রাতে ফল প্রকাশের সময় নির্ধারণ করাও বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১ নভেম্বরের আগে ফল প্রকাশের উপযুক্ত সময় পাওয়া কঠিন হতে পারে বলে ওই কর্মকর্তা জানান।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করা হবে। সেখান থেকে যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ফল প্রকাশের বিষয়ে শিক্ষামন্ত্রীর আগ্রহ নেই বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পরীক্ষায় অংশ নিয়েছেন সাড়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
বিজ্ঞাপন
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
সব প্রস্তুতি শেষ হলেও ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হবে কি না, তা এখন নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর। ফলে নির্ধারিত তারিখে ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের অনিশ্চয়তা কাটাতে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।








