Logo

১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ২২:১৩
১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

বছর শুরুর আগেই এবার শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। নতুন বছরের প্রথম দিনে বই বিতরণের প্রচলিত রেওয়াজের পরিবর্তে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৪ ডিসেম্বর নতুন পাঠ্যবই হাতে পাবে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে নতুন বই দেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

একই দিনে দেশের বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম তৈফিকুর রহমানের সই করা একটি বিজ্ঞপ্তি জাগো নিউজের হাতে এসেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো যাচ্ছে যে, আগামী ২৪ ডিসেম্বর সব প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং একই দিনে ২০২৭ সালের নতুন পাঠ্যবই বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের শেষ দিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা মূল্যায়ন থাকলে শিক্ষকরা ব্যস্ত থাকবেন। তাই ২৪ ডিসেম্বর বই বিতরণের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এরপর শিক্ষার্থীরা বড়দিন ও নতুন বছরের ছুটিতে যাবে। ছুটি শেষে ক্লাসে ফিরে নতুন বই ও নতুন মলাট নিয়ে পড়াশোনা শুরু করবে তারা।

এবার প্রাক-প্রাথমিকের জন্য ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি পাঠ্যবই ছাপানো হবে। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপা হবে ৭ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ৭৫৮ কপি বই।

বিজ্ঞাপন

এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব ভাষায় লেখা বই প্রয়োজন ১ লাখ ৪২ হাজার ৩৩২ কপি। প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য মোট ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি বই ছাপানো হবে। ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ছাপানো হবে ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি বই।

নিম্নমাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণির জন্য ৪ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭৭ কপি, সপ্তম শ্রেণির জন্য ৪ কোটি ৯ লাখ ৬০ হাজার ৬০১ কপি এবং অষ্টম শ্রেণির জন্য ৩ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৫১৫ কপি পাঠ্যবই ছাপানো হবে।

মাধ্যমিক স্তরে নবম শ্রেণির জন্য ছাপানো হবে সবচেয়ে বেশি বই। এ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি পাঠ্যবই ছাপানো হবে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই ছাপানো হবে ৯ হাজার ৪ কপি।

বিজ্ঞাপন

পাঠ্যপুস্তক বোর্ডের তথ্যমতে, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে এবার নতুন চারটি বিষয় চালু হচ্ছে। চতুর্থ শ্রেণিতে নতুন যুক্ত হওয়া বিষয় দুটি হলো—‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’। এ দুই বিষয়ের জন্য ছাপানো হবে ৬২ লাখ ৫৯ হাজার ২৮ কপি বই।

অন্যদিকে, ষষ্ঠ শ্রেণিতে নতুন দুই বিষয় হলো ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’। এ দুটি বিষয়ের জন্য ছাপানো হবে ৭১ লাখ ৫৭ হাজার ৫৯০ কপি বই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২৭ শিক্ষাবর্ষের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি পাঠ্যবই ছাপানো হবে।

বিজ্ঞাপন

আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই ছাপাতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৮৯০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৩২৮ টাকা। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বই ছাপাতে ব্যয় হবে ৪৬৯ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৯৩৬ টাকা। নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের বই ছাপাতে ব্যয় হবে ১ হাজার ৪২০ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৩৯২ টাকা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD