এইচএসসির ফল ২৯ নয়, হতে পারে ৩১ অক্টোবর

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর শনিবার প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ কারণে ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারাও সম্ভাব্য নতুন তারিখের বিষয়টি জানিয়েছেন। কমিটির এক কর্মকর্তা বলেন, ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। এরপর তাঁর সম্মতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশের সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত ২৪ অক্টোবর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর কথা ছিল। তবে পরে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় ও বোর্ডসংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিষয়টি অবহিত করা সম্ভব না হওয়ায় নির্ধারিত সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার বিকেলের বৈঠকের পর ফল প্রকাশের তারিখ ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। তবে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ৩১ অক্টোবরের তারিখটি সম্ভাব্য হিসেবেই বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
বিজ্ঞাপন
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। ফল প্রকাশের তারিখ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।








