শনিবার বেলা ১১টায় প্রকাশিত হবে এইচএসসি ও সমমানের ফল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধনের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মে একযোগে ফল প্রকাশ করা হবে।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে
বিজ্ঞাপন
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফলাফলবিষয়ক দুটি ওয়েবসাইট থেকে নিজেদের ফল সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নির্ধারিত ওয়েবসাইটের ‘Result’ বিভাগে প্রবেশ করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে বলা হয়েছে। পরে প্রতিষ্ঠানগুলো নিজ নিজ শিক্ষার্থীদের ফল প্রকাশ করতে পারবে। পরীক্ষার্থীরাও সরাসরি নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন।
মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল দেখার নিয়ম
ইন্টারনেট ব্যবহার করতে না পারলেও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং সর্বশেষ একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
বিজ্ঞাপন
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের ১২৩৪৫৬ রোল নম্বরের কোনো পরীক্ষার্থীকে HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর
পরীক্ষার ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী ফল নিয়ে অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন গ্রহণ করা হবে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় নির্দেশনা ও অন্যান্য তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি গিয়ে পরীক্ষার ফল সংগ্রহের সুযোগ থাকবে না। তাই পরীক্ষার্থীদের নির্ধারিত অনলাইন মাধ্যম, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানার পরামর্শ দেওয়া হয়েছে।








