Logo

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

profile picture
বিনোদন প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮
শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান
ফাইল ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। দেশজুড়ে শোকের আবহের মধ্যেই বিনোদন অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রভাবশালী নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান একটি শোকবার্তা পোস্ট করেন। বার্তাটির সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে।

শাকিব খান তার পোস্টে লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার এই জনপ্রিয় তারকার শোকবার্তায় অল্প সময়ের মধ্যেই হাজার হাজার ভক্ত ও অনুসারী মন্তব্য করে নিজেদের শোক ও সমবেদনা জানান। অনেকেই বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন।

শাকিব খানের পাশাপাশি বিনোদন জগতের আরও বহু তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা, চিত্রনায়ক সিয়াম আহমেদসহ অনেক অভিনয়শিল্পী সামাজিক মাধ্যমে শ্রদ্ধা ও দোয়ার বার্তা দিয়েছেন।

এছাড়াও নির্মাতা আশফাক নিপুন, রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে তার রাজনৈতিক অবদান স্মরণ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা এই নেত্রীর রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ, ঘটনাবহুল ও ইতিহাসনির্ধারক। ফার্স্ট লেডি থেকে শুরু করে দেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার অবস্থান তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি ও বিনোদন জগতেও নেমে এসেছে গভীর শোক—যার প্রতিফলন দেখা যাচ্ছে তারকাদের আবেগঘন শোকবার্তায়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD