পর্দার প্রেম থেকে বাস্তবেই রাজকীয় বিয়ে বিজয়-রাশমিকার

দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই মুখ বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুর-এর এক বিলাসবহুল হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় তাদের বিয়ে।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্র জানায়, দিনটি সাজানো ছিল দুই ভিন্ন সাংস্কৃতিক আচার-অনুষ্ঠানে। সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে বিজয়ের পারিবারিক প্রথা অনুযায়ী তেলুগু রীতিতে বিয়ের মূল পর্ব সম্পন্ন হয়। পরে বিকেল ৪টায় রাশমিকার শিকড়ের ঐতিহ্য অনুসারে কর্ণাটকের কুর্গ বা কোডাভা রীতিতে আবারও সাতপাক ঘোরেন এই তারকা জুটি।
এতে দুই পরিবারের সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয় ঘটানো হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর খবরে বলা হয়, উদয়পুর শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে অত্যন্ত ব্যক্তিগত ও গোপনীয় পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়। নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে অতিথি তালিকাও ছিল সীমিত।
বিজ্ঞাপন
বিয়ের আগে গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানেও ছিল উৎসবের আমেজ। সংগীতের আসরে বিজয়-রাশমিকাকে তাদের অভিনীত জনপ্রিয় সিনেমা ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর গানে নাচতে দেখা যায়।
এ ছাড়া ‘পুষ্পা’ সিনেমার ভাইরাল গানেও অতিথিরা নেচে-গেয়ে মাতিয়ে তোলেন অনুষ্ঠানস্থল। পুরো ভেন্যু সজ্জিত ছিল গোলাপি গোলাপের পাপড়ি ও গাঁদা ফুলের নান্দনিক কারুকাজে, যা রাজকীয় আবহ আরও গাঢ় করে তোলে।
বিজ্ঞাপন
বিয়ের ভোজেও ছিল দক্ষিণ ভারতীয় সংস্কৃতির প্রাধান্য। অতিথিদের কলাপাতায় পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী নানা পদ। খাবারের তালিকায় ছিল হায়দরাবাদি দম বিরিয়ানি, অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় ‘নাটু কোডি পুলুস’, মেডু বড়া এবং কর্ণাটকের বিখ্যাত ‘পান্ডি কারি’।
মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় মহীশূর পাক। অতিথিদের স্বাগত জানাতে ব্যবহৃত হয় ডাবের পানি—যা পুরো আয়োজনকে আরও ঐতিহ্যমণ্ডিত করে তোলে।
বিজ্ঞাপন
বিজয় ও রাশমিকার প্রথম পরিচয় ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে। পর্দায় রসায়ন জমে ওঠার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে কাজ করে সেই জল্পনা আরও জোরদার হয়।
বিয়ের আসরে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন ও এশা রেব্বা-সহ শোবিজ অঙ্গনের আরও অনেকে।
যদিও বিয়ের খবর প্রকাশ্যে এসেছে, নবদম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ছবি প্রকাশ করেননি। ফলে সামাজিক মাধ্যমে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অফিসিয়াল ছবির জন্য।
বিজ্ঞাপন
এরই মধ্যে সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই তারকা জুটি। দক্ষিণী সিনেমাপ্রেমীদের কাছে এটি বছরের অন্যতম আলোচিত তারকাবিয়ে হিসেবেই বিবেচিত হচ্ছে।








