সিয়ামের ‘জংলি’র পথে কি এবার যশের ‘টক্সিক’?

দক্ষিণী সুপারস্টার যশ-এর আসন্ন সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকমহলে এখন তুমুল উন্মাদনা। সম্প্রতি প্রকাশিত দুটি টিজারে তার ভিন্নধর্মী লুক সামনে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে নতুন এক গুঞ্জনও ছড়িয়ে পড়েছে, দর্শকদের একাংশ যশের নতুন লুকের সাথে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমার লুকের মিল খুঁজে পাচ্ছেন; যশের ‘রায়া’ ও ‘টিকিট’ লুকের এই রূপান্তর দর্শকদের মনে সিয়ামের ‘জংলি’ ও ‘জনি’ চরিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কোথায় বসছে বিজয়-রাশমিকার বিয়ের আসর
আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর জন্য যশ নিজেকে আমূল বদলে ফেলেছেন। সিনেমাটির অফিশিয়াল পেজ থেকে যশের দ্বৈত চরিত্রের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
টিজারে রায়া চরিত্রে যশকে তার চিরচেনা লম্বা চুল ও ঘন দাড়িতে দেখা গেছে, যেখানে কুয়াশার মাঝে সিগারেট হাতে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। আবার দ্বিতীয় চরিত্র টিকিট দিয়েও চমকে দিয়েছেন যশ। ছোট চুল ও একদম ক্লিন শেভড লুকে যশকে চেনাই দায়। সোমবার তার এই পরিবর্তনের একটি ভিডিও ভাইরাল হলে তৈরি হয় বেশ আলোচনা।
বিজ্ঞাপন

মূলত, যশের এই ভোলবদলের খবরটি সামনে আসতেই দর্শকরা গত বছর মুক্তি পাওয়া সিয়ামের ‘জংলি’ সিনেমার পোস্টারের সাথে এর তুলনা করছেন। সিয়ামও ঠিক একইভাবে উসকো-খুসকো চুল আর ঘন দাড়ির একটি কর্কশ লুকে ধরা দিয়েছিলেন, যেখানে তার কাঁধে ছিল একটি কাক। পরবর্তীতে তিনি ‘জনি’ নামক এক মার্জিত লুকে হাজির হন, যেখানে দাড়িহীন মুখে মাথায় জেল দিয়ে মোটরসাইকেলে বসে থাকতে দেখা যায় তাকে। সিয়াম সেই সময় ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি আছি জনির সাথে। জংলির সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার জনির সাথে পরিচিত হওয়ার পালা’।

দর্শকদের একটি অংশ বিষয়টিকে কাকতালীয় বললেও কেউ কেউ ‘অনুকরণ’ সন্দেহ করছেন। যদিও দুই পক্ষ থেকেই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে দুই সিনেমাতেই রাফ লুক থেকে ক্লিন শেভড ডিসেন্ট রূপে রূপান্তরের ধারাটি দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
বিজ্ঞাপন
এখন প্রশ্ন—সিয়ামের মতো যশের সিনেমাতেও কি বড় কোনো দ্বৈত চরিত্রের চমক অপেক্ষা করছে? তার উত্তর মিলবে আগামী ১৯ মার্চ, বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির পর।








