Logo

সালমান শাহকে ঘিরে কেন এমন বিশেষ অনুরোধ শাবনূরের

profile picture
বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৬
সালমান শাহকে ঘিরে কেন এমন বিশেষ অনুরোধ শাবনূরের
ছবি: সংগৃহীত

ঢালিউডের প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ শনিবার (১৯ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম নেওয়া নব্বইয়ের দশকের এই তারকাকে জন্মদিনে স্মরণ করছেন ভক্ত-অনুরাগী ও শোবিজ অঙ্গনের মানুষজন। এ উপলক্ষে সালমান শাহকে নিয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন তার সহশিল্পী চিত্রনায়িকা শাবনূর।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাবনূর সবার প্রতি আহ্বান জানিয়েছেন, প্রয়াত এ অভিনেতাকে নিয়ে কেউ যেন মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা অসম্মানজনক মন্তব্য না করেন। একই সঙ্গে সালমান শাহর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে ধরে রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

শাবনূর লিখেছেন, ‘সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

সালমান শাহর সঙ্গে কাজের সময়কার স্মৃতিও পোস্টে তুলে ধরেছেন শাবনূর। নব্বইয়ের দশকের সেই সময়ের কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালি দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ।’

সালমান শাহ সহশিল্পী থেকে শুরু করে শুটিং ইউনিটের কর্মীদের সবার প্রতি সম্মান দেখাতেন বলেও জানান শাবনূর। তার ভাষায়, ‘তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী-কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে।’

বিজ্ঞাপন

সালমানের সহজ-সরল ও মানবিক গুণাবলিই তাকে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে বলে মনে করেন শাবনূর। তিনি লিখেছেন, ‘তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’

প্রিয় সহশিল্পীর স্মৃতি এখনো তার মনে জীবন্ত হয়ে আছে জানিয়ে শাবনূর বলেন, পুরোনো কোনো গান শুনলে কিংবা সালমান শাহ অভিনীত কোনো সিনেমার দৃশ্য দেখলে তার মনে হয়, সেই সোনালি দিনগুলোতে যেন আবার ফিরে এসেছেন সালমান।

শাবনূরের ভাষায়, ‘পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালি দিনগুলোতে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

পোস্টের শেষাংশে সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করে শাবনূর লিখেছেন, ‘মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।’

বিজ্ঞাপন

মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু হয়। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫৫ বছর।

নব্বইয়ের দশকের অন্যতম আলোচিত এই অভিনেতা বড়পর্দার পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটকও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। মৃত্যুর প্রায় তিন দশক পরও সালমান শাহকে ঘিরে দর্শক-ভক্তদের আগ্রহ অটুট রয়েছে। জন্মদিন ও মৃত্যুবার্ষিকীর পাশাপাশি বছরের বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করেন ভক্ত-অনুরাগীরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD