শিশু অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের আহাজারি

বয়স মাত্র ১৩ বছর। সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম ছবি তুলতে ভালোবাসত। প্রায়ই মুঠোফোন হাতে ছবি তুলতে বের হতো। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলেও ছবি তুলতে বাসা থেকে বের হয়েছিল সে। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
বিজ্ঞাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পরিবার-স্বজনের পাশাপাশি শোক নেমে এসেছে দেশজুড়ে। মর্মান্তিক এ ঘটনায় শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিনেতা সিয়াম আহমেদ ফেসবুকে অপ্রতিমের ছবি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে। একটা সন্তান বিকেলে বাসা থেকে বের হয়েছিল ছবি তুলবে বলে। সেই সন্তান আর বাসায় ফিরল না।’
সিয়াম আরও লেখেন, ‘অপ্রতিমের বাবা মা ও পরিবারের মানুষগুলোর এই মুহূর্তের কষ্ট আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। তাদের প্রতি আমার গভীর সমবেদনা। কী ঘটেছিল, কেন ঘটেছিল, তার সঠিক উত্তর তদন্তের মাধ্যমে সামনে আসুক। কোনোভাবেই যেন সত্যটা চাপা না পড়ে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ সততার সাথে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতিম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না। একজন বাবা হিসেবে আজ শুধু এটুকুই মনে হচ্ছে, আমাদের সন্তানদের জন্য আরও নিরাপদ একটা পৃথিবী তৈরি করার দায় আমাদের সবার।’
অভিনেত্রী পূজা চেরীও অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুর খবরটি দেখে সত্যিই আমি গভীরভাবে মর্মাহত। একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন—এভাবে অকালে ঝরে যাবে; এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।’
পূজা বলেন, ‘একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে যায়। অপ্রতিমের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেন।’
বিজ্ঞাপন
ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে পূজা আরও লেখেন, ‘এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা সামনে আসুক এবং যারা দায়ী, তারা যেন আইনের আওতায় আসে—এটাই প্রত্যাশা। অপ্রতিম, তুমি শান্তিতে থেকো। তোমার জন্য রইল অশেষ ভালোবাসা ও প্রার্থনা।’
অভিনেতা ইরফান সাজ্জাদ শোকের পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন। অপ্রতিমের মৃত্যুর প্রসঙ্গে দেওয়া ফেসবুক পোস্টে তিনি দেশের নিরাপত্তা পরিস্থিতি ও বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি লেখেন, ‘আহা বাচ্চাটা! বাংলাদেশি হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া।’ পোস্টে ইরফান সাজ্জাদ আরও বলেন, ‘সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না।’
বিজ্ঞাপন
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সঠিক বিচার না হলে দেশ নিরাপদ হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন এই অভিনেতা।
অপ্রতিমের মৃত্যু কীভাবে ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত—তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার ও স্বজনরা। এ ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন অপ্রতিমের পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।








