Logo

ব্যাচেলর পয়েন্টের ফ্ল্যাটে নতুন চমক আ খ ম হাসান

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৬
ব্যাচেলর পয়েন্টের ফ্ল্যাটে নতুন চমক আ খ ম হাসান
ছবি: সংগৃহীত

একের পর এক নতুন চমক নিয়ে এগিয়ে যাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। পুরোনো চরিত্রগুলোর প্রত্যাবর্তনের পাশাপাশি নতুন চরিত্রের আগমনেও প্রতিটি পর্ব ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হচ্ছে নানা কৌতূহল। নেহাল ও আরেফিনের ফিরে আসার পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান।

বিজ্ঞাপন

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। এই পর্বে তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’। নতুন এই চরিত্রকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন পোস্টারে অভিনেতার ভিন্নধর্মী সাজ ও উপস্থিতি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পেয়েছে ধারাবাহিকটির ১২০ নম্বর পর্ব। নতুন পর্বের প্রকাশিত পোস্টারে আ খ ম হাসানকে দেখা গেছে একেবারেই ভিন্নধর্মী এক লুকে। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে—‘ইংলিশ লেবু’ আসলে কে? কী কারণে তার আগমন ঘটেছে ব্যাচেলর ফ্ল্যাটে? আর কাবিলার সঙ্গে তার সম্পর্কই বা কী?

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১২০ নম্বর পর্বের প্রকাশিত বর্ণনা অনুযায়ী, গল্পে নতুন মোড় আসে একদল গ্যাংস্টারের আগমনের মধ্য দিয়ে। দলবল নিয়ে তারা হাজির হয় ব্যাচেলর ফ্ল্যাটে। তাদের মূল উদ্দেশ্য কাবিলাকে খুঁজে বের করা। ফলে কাবিলাকে কেন্দ্র করে আবারও বিপাকে পড়তে হয় ফ্ল্যাটের বাসিন্দাদের। এর মধ্যেই আ খ ম হাসানের ‘ইংলিশ লেবু’ চরিত্রের প্রবেশ গল্পে কী ধরনের পরিবর্তন আনে, সেটিই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন মৌসুমে এরই মধ্যে বেশ কয়েকটি পরিচিত চরিত্রের প্রত্যাবর্তন ঘটেছে। পাশাপাশি নতুন মুখ ও চরিত্র যুক্ত হওয়ায় গল্পও এগোচ্ছে নতুন নানা বাঁকে। প্রতিটি পর্বেই নির্মাতা কাজল আরেফিন অমি দর্শকদের জন্য নতুন কোনো না কোনো চমক রাখছেন। এবার আ খ ম হাসানের সংযোজন সেই ধারাবাহিকতারই অংশ।

অভিনেতার এই চরিত্রটি কতটা গুরুত্বপূর্ণ এবং সামনে আরও কোনো পর্বে তাকে দেখা যাবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ১২০ নম্বর পর্বে ‘ইংলিশ লেবু’ হিসেবে তার উপস্থিতি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গল্পে নতুন মাত্রা যোগ করেছে।

বিজ্ঞাপন

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নিয়মিত চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। তাদের সঙ্গে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD