Logo

মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি : রাশমিকা

profile picture
বিনোদন ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৫
মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি : রাশমিকা
ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে জীবনীভিত্তিক সিনেমা। এতে প্রথম ভারতরত্নপ্রাপ্ত এই সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বড় বাজেটের সিনেমাটি একাধিক ভারতীয় ভাষায় নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে এম এস সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিনেমাটির মহরৎ ও পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম দৃশ্যের সূচনা করেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসন।

এ সময় উপস্থিত ছিলেন এম এস সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্য, খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের প্রযোজক ও পরিচালকেরা।

সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন দক্ষিণী নির্মাতা গৌতম তিন্নানুরি। এ জন্য তিনি প্রায় এক বছর ধরে গবেষণা করেছেন। প্রযোজনার দায়িত্বে রয়েছেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পরিচালক গৌতম তিন্নানুরি বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও পছন্দের সংখ্যা বাড়িয়ে খুব দ্রুত তারকা হওয়া সম্ভব। কিন্তু এম এস সুব্বুলক্ষ্মী সারা জীবন সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন। তার গানের পাশাপাশি সেই মানুষটির জীবনও পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চান তারা।

এদিকে কিংবদন্তি এই শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আবেগাপ্লুত রাশমিকা মান্দানা। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, আমার মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি। আম্মার ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আম্মা নিজেই হয়তো আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। আমি কথা দিচ্ছি, এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেব।

বিজ্ঞাপন

সিনেমাটির মহরৎ অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রশংসা করেন কমল হাসনও। এম এস সুব্বুলক্ষ্মীর সংগীত কীভাবে পুরো ভারতকে এক সুতোয় বেঁধেছিল, তা উল্লেখ করে তিনি রাশমিকার এই চরিত্রে অভিনয় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান।

রসিকতা করে কমল হাসন বলেন, আজকের দিনে রাশমিকা এই চরিত্রটি পাওয়ায় আমার এতটুকু হিংসা হচ্ছে না। কারণ আমি যদি নিজের দাড়িও কামিয়ে ফেলতাম, তাহলেও এম এস আম্মার চরিত্রের সঙ্গে সুবিচার করতে পারতাম না।

পরিকল্পনা অনুযায়ী, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম—এই চারটি প্রধান ভাষায় সিনেমাটি নির্মাণ ও মুক্তি দেওয়া হবে। সিনেমাটির নাম ও প্রথম ঝলক শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD