সালমানকে নিয়ে ভুয়া ভিডিও ছড়াতেই ক্ষুব্ধ সনু নিগম

প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিও সত্য, নাকি সম্পাদনার কারসাজি—তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়েছে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা প্রযুক্তির অপব্যবহারের শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম ও অভিনেতা সালমান খান। সালমান খানের গাওয়া একটি গান শুনে সনু নিগম নানা ধরনের বিভ্রান্তিকর অভিব্যক্তি দিচ্ছেন—এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
তবে পুরো বিষয়টিকে ভিত্তিহীন ও ভুয়া আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সনু নিজেই। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, সালমান খানের গাওয়া ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি চলার সময় কপালে হাত দিয়ে, কখনও আবার চোখ বন্ধ করে মাথা নাড়ছেন সনু। দেখে মনে হচ্ছে সালমানের গায়কী শুনে যেন তিনি রীতিমতো বাকরুদ্ধ! বিষয়টি নিয়ে ইন্টারনেট দুনিয়ায় হাস্যরসের সৃষ্টি হলেও গায়কের দাবি, এটি সম্পূর্ণ প্রযুক্তিগত বিকৃতি।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে আসল সত্য প্রকাশ করে সনু নিগম জানান, এটি একটি পাকিস্তানি প্রতিভাবান তরুণীর গান শোনার সময় ধারণ করা তার বাস্তব প্রতিক্রিয়া ছিল। অসাধু উদ্দেশ্যে সেই মূল ভিডিও থেকে কেটে সালমানের ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনায় বিরক্তি প্রকাশ করে সনু নিগম লেখেন, ‘ইন্টারনেটে অপ্রত্যাশিত কিছু ঘটবে এটাই এখন স্বাভাবিক। হঠাৎ এই সম্পাদিত ভিডিওটি আমার চোখে পড়ল। এটি মূলত একজন খুদে পাকিস্তানি গায়িকার গান উপভোগ করার মুহূর্ত ছিল, যাকে ভুলভাবে সম্পাদনা করে প্রচার করা হচ্ছে।’
উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকেই সালমান খান ও সনু নিগমের মধ্যে পেশাগত রসায়ন বেশ ভালো। তাদের কণ্ঠ ও অভিনয়ের সমন্বয়ে বেশ কিছু জনপ্রিয় গান দর্শক-শ্রোতাদের উপহার পেয়েছে। ‘জানে ক্যায়া হুয়া হ্যায়’-এর মতো গানও তাদের কাজের তালিকায় রয়েছে।
তবে ২০১০ সালের শুরুর দিকে অভিনেতাদের নিজেদের ছবিতে গান গাওয়ার প্রবণতা নিয়ে দুজনের মধ্যে সাময়িক টানাপোড়েন তৈরি হয়েছিল। সেই সময়ের কাছাকাছি মুক্তি পেয়েছিল সালমান খানের ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি। আর এবার সেই গানকেই ব্যবহার করে সনু নিগমের পুরোনো একটি ভিডিও সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন গায়ক নিজেই।
বিজ্ঞাপন








